১ম প্রকাশ, ২০২৩
স্বপ্ন কেনার দামে
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | স্বপ্ন কেনার দামে |
| Author | রুকসাত জাহান |
| Publisher | চলন্তিকা |
| Edition | ১ম প্রকাশ, ২০২৩ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 128 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.31 Kg |
| ISBN | 9789849718567 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
5 Ratings and 5 Reviews
পাঠকদের মন্তব্য
৫টি
Khadija Meher Tarin , Mar 31, 2024
"" এই জীবন আমি এমনি এমনি পাইনি৷ এই জীবন আমাকে কিনতে হয়েছে। এই জীবন আমি কিনেছি আমার বহু স্বপ্ন বিক্রি করে৷ এই সবকিছু আমি পেয়েছি স্বপ্ন কেনার দামে।" এই উক্তিটির মধ্যেই যেন রয়েছে বইয়ের ভাবার্থ। 🌼 কাহিনি সংক্ষেপে: গল্পটা অরণী এবং রিদমকে ঘিরে। অরণী মেডিকেলের স্টুডেন্ট আর রিদম সবে ইন্টার্নি করছে। অরণী উচ্চমধ্যবিত্ত রক্ষণশীল পরিবারের মেয়ে৷ ছোটবেলা থেকেই সামাজিক নিয়মকানুনে বাবার শাসনে থেকে বড় হয় সে। সবার কাছেই ভদ্র, দায়িত্বশীল, পড়াশোনায় সেরা এবং তার পরিবারের গর্ব। অপরদিকে রিদম একঘুয়ে, কিছুটা অহংকারী। যে নিজের দোষ কখনো স্বীকার করে না। বন্ধুর পাল্লায় পরে রিদম করতে থাকে একের পর এক ভুল। বাবা বিদেশ থেকে ফিরে আসার পরই তাদের পরিবারে নামে দুর্বিষহ। পরিবারের বড় ছেলে হওয়ায় সবাই অপেক্ষায় থাকে রিদমের ডাক্তার হওয়ার। হঠাৎ করেই অরণী আর রিদমের প্রেম হয়ে যায়। এবং রিদমের অপরিপক্ক আচরণের কারণে হঠাৎ করেই হয়ে যায় বিয়ে। প্রেমে পড়ার পর তাদের জীবন যতোটা সুখকর ছিলো বিয়ের পর তা কঠিন লড়াইয়ে পরিণত হয়। অরণীকে একপ্রকার যুদ্ধ করেই তার স্বপ্ন পূরণ করতে হয়। তাই তো বইয়ের নাম 'স্বপ্ন কেনার দামে'! কি হয় শেষ পর্যন্ত অরণী আর রিদমের পরিণতি? জানতে হলে পড়তে হবে বইটি। 🌼 পাঠপ্রতিক্রিয়া: শুরু থেকে শেষ পর্যন্ত দারুণ আগ্রহ নিয়েই পড়ে গেছি বইটি। গল্পটা সাধারণ মনে হলেও যতোই সামনে আগাচ্ছিলাম ততই জানার আগ্রহ বেড়ে যাচ্ছিলো। শুরুতে কাহিনি কিছুটা স্লো মনে হলেও মাঝপথ থেকেই শেষ পর্যন্ত আগ্রহ বেড়ে গিয়েছিলো। বইটাতে বেশ কিছু ম্যাসেজ দেয়া হয়েছে। যা ভীষণ ভালো লেগেছে। অরণী চরিত্রটা যতটা অসাধারণ রিদম চরিত্রটা ততটাই বিরক্তকর লেগেছে। পুরুষালি অহংকার, বউয়ের প্রশংসা করা যাবে না, বউকে নিজের সমস্যা বললে ছোট হতে হবে এধরণের চিন্তাধারা যেন আমাদের সমাজের বাস্তব চিত্র। অরণীর সাথে কেন জানি ওকে মানতে পারছিলাম না। বিয়ের পর অরণী যে তীব্র মানসিক যন্ত্রণায় ছিলো। এর থেকে যেভাবে বের হয়ে এসেছে, নিজের পায়ে দাড়িয়েছে তা খুব ভালো লেগেছে। আরেকটা চরিত্রের কথা না বললেই নয়, জামিল সাহেবকে একজন বাবা হিসেবে ১০/১০ দেয়া গেলেও একজন স্বামী হিসেবে তাকে ২ও দেয়া যাবে না৷ স্ত্রীর প্রতি এতো অবহেলা, শ্বশুড় বাড়ির মানুষদের ছোট করা দেখাটা আমাদের সমাজে খুব প্রচলিত। জামিল সাহেবের মতো কতো মানুষ ঘরে ঘরে আছেন। অরণীর মা হুমায়রা বেগমের জন্য খুব খারাপ লেগেছে। আমাদের সমাজে কতো নারী শ্বশুর বাড়ি মানুষদের এরকম আচরণ প্রতিনিয়ত সহ্য করে আসছেন! রিদমের মাকে জঘন্য চরিত্র মনে হয়েছে। তাকে মা হিসেবে ভালো বলা যায় না, শ্বাশুড়ি হিসেবে তো নয়ই৷ অমিয়, মাহিদ, ফয়সাল এ চরিত্রগুলো বেশ ভালো লেগেছে। শেষের দিকটা লেখিকা খুব সুন্দর করে লিখেছেন। পার্ফেক্ট এন্ডিং বলা যায়। খুব বেশি বাড়ানও নি আবার অল্পের মধ্যে শেষ হয়েছে তাও মনে হয় নি। লেখিকার বই পড়া এই প্রথম। ভীষণ ভালো লেগেছে। সামনে এরকম আরো বই পড়ার ইচ্ছে আছে। 🌼 ব্যাক্তিগত ভাবে প্রচ্ছদ খুব একটা ভালো লাগে নি৷ মানানসই বলা যায়৷ বইয়ের প্রোডাকশন ভালো লেগেছে। দামটা সহনীয় পর্যায়ে আছে। বানানে ভুল-ত্রুটি খুব একটা চোখে পড়ে নি। 🌼 পছন্দের উক্তি: " এভাবেই হয়তো আমাদের মনের অজান্তে আমাদের সঙ্গীর দোয়ায় আমাদের অবস্থান বদলে যায়, আর আমরা তা টেরও পাই না " "সারা দুনিয়ার সবকিছুর বিনিময়ে আমি তোমাকে চেয়েছি রিদম। তোমায় আমি পেয়েছি আমার স্বপ্ন কেনার দামে। আমাদের এই স্বপ্নের মতো নতুন জীবনের শুরটা কখনো যেন দুঃস্বপ্ন না হয়ে যায়।""
Nazneen Nisha , Apr 20, 2023
"সফল মানুষকে দেখতে আমরা কে না পছন্দ করি! অথচ সফলতার চূড়ায় ওঠার পিছনের গল্প কিন্তু সহজ না। কতশত বিসর্জন, অনেক হারিয়ে ফেলার গল্প রয়ে যায় লোকচক্ষুর আড়ালে। স্বপ্নের মতো জীবন সাজানোর জন্য বহু স্বপ্ন বিসর্জনের গল্প পাঠকপ্রিয় লেখক রুকসাত জাহানের দ্বিতীয় উপন্যাস "স্বপ্ন কেনার দামে।" উচ্চ মধ্যবিত্ত পরিবারের মেয়ে অরনী ডেন্টাল কলেজে পড়াশোনা করে। সমাজের চোখে একদম নিখুঁত ভালো মেয়ে যেমন, অরনী ঠিক তেমন। সময়ের পরিক্রমায় একসময় অরনীর জীবনেও ভালোবাসা আসে। অরনীর ভালোবাসার মানুষ রিদম। সেও হবু ডেন্টিস্ট, কিন্তু স্বভাবে শান্ত-শিষ্ট অরনীর ঠিক বিপরীত! কথায় বলে, ভালোবাসার জন্য মানুষ কী-না করে! এ কথার প্রমাণ রাখতেই কিনা একসময় অরনী আর রিদম পরিবারের অমতে বিয়ে করে ফেলে! এরপর কী হয়? স্বপ্নের মতো জীবন কি আদৌ অরনী পেয়েছিল? আর পেলেও তাকে ঠিক কী কী বিসর্জন দিতে হয়েছে তা জানতে পারবেন বইটিতে। লেখক রুকসাত জাহানের এটি দ্বিতীয় উপন্যাস। প্রথম উপন্যাস 'হৃদয়ে তার পায়ের ছাপ' পড়ার কারণে লেখকের লেখনশৈলীর সাথে আগেই পরিচিত ছিলাম। বরাবরের মতোই এই বইটিও সেই ভালো লাগার রেশ ধরে রাখতে সক্ষম হয়েছে। খুব সহজ, সরলভাবে উপন্যাসের কাহিনী এগিয়েছে তার নিজস্ব গতিতে। সামাজিক উপন্যাসে খুব বেশি রহস্যময় ঘটনা থাকে না, সহজেই অনুমান করা যায় কাহিনীর গতিপ্রকৃতি। তারপরও এই বই রেখে উঠতে পারছিলাম না; লেখকের গল্প বলার ধরনের কারণে। অত্যন্ত পরিণত লেখার ছাপ লক্ষ্য করেছি উপন্যাসটির পরতে পরতে। কিছু কিছু জায়গায় মনে হচ্ছিল এই অরনী আমি, আবার কিছু জায়গায় অরনীর উপর প্রচণ্ড বিরক্ত হচ্ছিলাম। সহজ-সরল মানুষের যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখন সে ঠিক কী করতে পারে তা ফুটে উঠেছে বইটিতে। এ যেন এক অস্তিত্বের লড়াই। সামাজিক জনরার উপন্যাসটিতে লেখক তুলে এনেছেন আমাদের সমাজের আশেপাশের অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কেউ ডেন্টিস্ট হলেই, আমাদের সমাজের মানুষ কেমন যেন 'দাঁতের ডাক্তার' বলে তাচ্ছিল্য করে। আবার অনেকে এমন আছে, শুধু এমবিবিএস ডিগ্রিধারীদেরই ডাক্তার মনে করে। এই বিষয়টি লেখক অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন। সেই সাথে ডাক্তারদের জীবনের নানা তিক্ততা, পরিশ্রম সবই তুলে এনেছেন দক্ষ লেখার স্পর্শে। পুরুষদের শারীরিক সমস্যার মতো স্পর্শকাতর একটি বিষয় তুলে এনে লেখক রীতিমতো সাহসিকতার পরিচয় দিয়েছেন। পুরুষরা তো বটেই, অনেক নারীও তার সঙ্গীর এসব বিষয় নিয়ে আলোচনা করতে অস্বস্তিবোধ করেন। অথচ এর ফলে শারীরিক ও মানসিকভাবে কী বিরূপ প্রভাব পড়ে তা হয়ত কেউ ধারণাই করে না। এসব বিভিন্ন সমস্যার খুঁটিনাটি নিয়ে "স্বপ্ন কেনার দামে" লেখক নিয়ে গিয়েছেন চমৎকার একটা পরিণতির কাছে। যেটার শেষটা শেষ হলেও মনে রেশ রয়ে যায় বহুক্ষণ। ঠিক সকালের নাস্তার পর দুর্দান্ত এক কাপ চায়ের মতো। আর নিজের মনে প্রশ্ন জাগে, আমার জীবনকে স্বপ্নের মতো সাজাতে গিয়ে কী কী পরিস্থিতির সম্মুখীন হয়েছি! নজরকাড়া প্রচ্ছদের সাথে বরাবরের মতো চলন্তিকা প্রকাশনীর দুর্দান্ত ডিজাইন আর বাধাই এর আরও একটি চমৎকার পরিবেশনা "স্বপ্ন কেনার দামে।" সমকালীন উপন্যাস পড়তে যারা পছন্দ করেন তারা একবার ডুব দিতেই পারেন বইটিতে। একনজরে: বইয়ের নাম: স্বপ্ন কেনার দামে লেখক: রুকসাত জাহান জনরা: সমকালীন সামাজিক ও রোমান্টিক উপন্যাস। প্রকাশনী: চলন্তিকা। প্রচ্ছদ: আল নোমান। পৃষ্ঠা সংখ্যা: ১২৮। মুদ্রিত মূল্য: ৩৫০ টাকা।"
Priya Rahman , Mar 3, 2023
"#স্বপ্ন_কেনার_দামে "স্বপ্নের মতো জীবন আমার। তবে এই জীবন আমি এমনি এমনি পাইনি।এই জীবন আমাকে কিনতে হয়েছে। এই জীবন আমি কিনেছি আমার বহু স্বপ্ন বিক্রি করে। এই সবকিছু আমি পেয়েছি স্বপ্ন কেনার দামে। চমৎকার এবং হৃদয়স্পর্শী এই কথাগুলো অরণীর। একজন সাধারণ নারী,কন্যা, এবং স্ত্রী। পাঠকপ্রিয় ও আমার অনেক প্রিয় একজন লেখক রুকসাত জাহানের দ্বিতীয় উপন্যাস " স্বপ্ন কেনার দামে "। লেখক এই উপন্যাসে অরণীর মাধ্যমে আমাদের সমাজের এমন বহু নারীর জীবন সংগ্রামের চিত্র তুলে ধরেছেন, যারা ভালোবেসে বিয়ের পর শুধু অবহেলা আর অনাদরই পেয়ে থাকে,কিন্তু বিনিময়ে শুধু ভালোবেসেই যায়। ★ কাহিনি সংক্ষেপে : কাহিনির শুরু উচ্চ মধ্যবিত্ত পরিবারের মেয়ে অরণী এবং সাধারণ পরিবারে বড় ছেলে রিদমকে দিয়ে। দুজনেই ডেন্টালের স্টুডেন্ট। পড়াশোনার পাশাপাশি দুজনেই একে অপরের ভালোবাসায় জড়িয়ে যায়। ফলাফল দুর্দান্ত প্রেম, মান-অভিমান, বিচ্ছেদ এবং সর্বোপরি বিয়ে। কিন্তু জীবনে কি সবকিছু এতই সহজ? না জীবনের চলার পথ অনেক বেশি দুর্গম বিশেষ করে একজন মেয়ের জন্য যে কিনা ভালোবেসে নিজের পরিবারের বিরুদ্ধে বিয়ে করে। বিয়ের পর শুরু হয় অরণীর আসল সংগ্রাম কিন্তু রিদম ভালোবাসার পথে সহযাত্রী হলেও সংসার জীবনে ঠিকঠাক যোগ্য সঙ্গী হয়ে উঠতে পারে নি। ফলাফল অরণীর জীবনে নেমে আসে অসহনীয় দুর্ভোগ। " সেদিন অরণী গিয়েছিল ভালোবাসার পসরা নিয়ে। আর রিদম সমস্ত অভিযোগ সাথে করে। রিদম নিজের ভুলগুলো,না পাওয়াগুলো,অপ্রাপ্তির অভিযোগগুলো দিয়ে শুধু রক্তাক্ত করেছে অরণীকে। অরণী বুঝেছিলো সুতো কেটে গিয়েছে।কাগজের এক টুকরায় শুধু বাঁধা আছে ওরা দুজন,আর রয়েছে কয়েকজন সাক্ষী।" ★ পাঠ প্রতিক্রিয়া : পুরো উপন্যাস জুড়ে ছিলো অরণী আর রিদমের গল্প। কিভাবে একজন মেয়ে আবেগের কাছে হার মেনে ঠিক বেঠিক নির্বাচন করা ভুলে যায়। রক্ষণশীল পরিবারে বড় হয়েও মনের আবেগের কাছে হার মানে। সংসারে নিজের জায়গাটুকু টিকিয়ে রাখতে আপ্রাণ লড়ে যায়, এই সবকিছুই লেখক তুলে ধরেছেন খুবই সাবলীলভাবে। উপন্যাসের কোথাও সামান্য মেদ খুঁজে পাইনি। ১২৮ পৃষ্ঠার ছোটোখাটো মাঝারি সাইজের বইটি আমাকে গল্পের মধ্যে টেনে নিয়ে গেছে চমৎকারভাবে। পড়তে পড়তে কখনও মনেই হয়নি এই জায়গায় একটু বিরতি দেই বা অন্যকোন দিকে মন দেই। বরং পড়ার সময় সর্বোক্ষণ মনে আগ্রহ জেগেছে সামনে কি হলো জানার জন্য। এটাই একটি সার্থক উপন্যাসের মূলমন্ত্র। পাঠককে শেষ পাতা পর্যন্ত ধরে রাখা। সেই দিক দিয়ে "স্বপ্ন কেনার দামে " উপন্যাসটি লেখকের অনবদ্য সৃষ্টি। ★ চরিত্রগত দিক দিয়েও উপন্যাসটি বেশ সমৃদ্ধ। পারিবারিক, রোমান্টিক উপন্যাস বলে বহু চরিত্রের সমাগম রয়েছে এখানে। কিছু বিশেষ বিশেষ চরিত্র নিয়ে আলোচনা করা একান্ত জরুরি। * অরণী : উপন্যাসের প্রধান কেন্দ্রীয় চরিত্র অরণী। পেশায় একজন দন্ত চিকিৎসক। স্বভাবে নম্র, ভদ্র , এবং প্রচন্ড মেধাবী। এককথায় সাংসারিক মেয়ে বলতে যা বুঝায় অরণীর মধ্যে তার সকল গুণাবলি বিদ্যমান। কিন্তু জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটাই সে আবেগে ভেসে নিয়ে ফেলে। যার চরম মূল্য একসময় দিতে হয় তাকে। " সারা দুনিয়ার সবকিছুর বিনিময়ে আমি তোমাকে চেয়েছি রিদম।তোমায় পেয়েছি আমি স্বপ্ন কেনার দামে। আমাদের স্বপ্নের মতো নতুন জীবনের শুরুটা কখনো যেন দুঃস্বপ্ন না হয়।" ( অরণী ) *রিদম : একরোখা, জেদি, নিজের কথায় অটল থাকা এবং কখনো নিজের ভুল স্বীকার না করা রিদম চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। নিজের ভালোবাসার প্রতিও যথাযথ সন্মান সে দেখাতে পারে নি কখনো। হাত ধরা যত সহজ সেই হাত আগলে রাখা ততটাই কঠিন। রিদমের চরিত্র তাই উপন্যাসে যথাযই দেখানো হয়েছে। "বুকের বাঁ পাশে তীব্র ব্যথা হচ্ছে। তোমায় দেখেছিলাম ঠিক তেরো ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আগে। এই বিচ্ছেদ এখন আর সহ্য হচ্ছে না। আমার এনরিল স্প্রে, এখনি তোমার ছোঁয়া না পেলে এখনি বুকের ব্যাথায় প্রাণ হারাব কিন্তু। " ( রিদম ) * হুমায়রা বেগম ও জামিল সাহেব : সম্পর্কে অরণীর বাবা-মা। জামিল সাহেব চরিত্রটি শুরুতে পাঠকের একদমই ভালো লাগবে না। শান্তশিষ্ঠ স্ত্রী হুমায়রা বেগমের উপর তিনি প্রচুর মানসিক অত্যাচার করেন। কিন্তু স্বামী হিসেবে তিনি টেনেটুনে পাশ করলেও বাবা হিসেবে কিন্তু ফুল মার্কস পান। অসুস্থ হুমায়রা বেগমও মা হিসেবে নিজের যোগ্যতা প্রমাণ করেই গেছেন। " সবার কাছে প্রিয়তমের অসুখ শুধু চিন্তা না,কারও কারও কাছে বিরক্তির কারণও হতে পারে।" " ঝগড়ার পর একটু মান ভাঙানোর চেষ্টা, দুটো মিষ্টি কথা, তারপর একসাথে বসে এমন বৃষ্টির পানি মেশানো চা খাওয়া।ব্যস ভালোবাসার অনুভূতিতে ভেসে যেতে আর কি লাগে! সুখী হতেই বা কী লাগে! * মাহিদ : উপন্যাসে এই চরিত্রটি স্বল্প সময়ের জন্য হলেও আমার বিশেষ পছন্দের। ভালোবাসার আসল অর্থ মাহিদ চরিত্রটি পড়লে অনুধাবন করা যায়। "আচ্ছা অরণী কি জানে, রোজ এমন শত শত অরণী নিজেদের টক্সিক রিলেশনশিপকে এভাবে সুগার কোটিং দেয়। আর বোকার মতো নিজেই নিজেকে বুঝায়, একসময় সব সুন্দর হবে,ঠিক যেমনটা সে স্বপ্ন দেখেছিলো।" *লাকি আক্তার : রিদমের মা হিসেবে এই চরিত্রটি ভালো হলেও শাশুড়ী হিসেবে সে কিন্তু যথেষ্ট দজ্জাল ছিলো। অরণীর বিবাহিত জীবন দুর্বিষহ করে তুলতে সে কোন কমতি রাখেনি। "বাঙালি নারীর জীবনে সবচেয়ে সুন্দর আর বেদনার দিন নাকি বিয়ের দিন।একই দিনে দুই বিশাল পরিবর্তন আসেনি তার জীবনে পেছনের সব স্মৃতি বাবার আঙ্গিনায় ফেলে এসে জীবনসঙ্গীর সাথে আরেক অধ্যায় শুরু হয় । একদিকে ভাঙ্গনের সুর অন্যদিকে নতুন গড়ার আয়োজন। " ★সবশেষে বলব,রিদম আর অরণীর ভালোবাসা থেকে শুরু করে সাংসারিক জীবনের টানাপোড়েনের গল্প "স্বপ্ন কেনার দামে "। যারা সামাজিক, পারিবারিক উপন্যাস পড়তে পছন্দ করেন তাদের জন্য এই বইটি নিঃসন্দেহে বিনোদনের খোড়াক হবে। রিদম অরণীর খুনসুটিনয় ভালোবাসার গল্প। "এই মেয়ে এমন হাসিস কেন? হাত বাড়িয়ে ডাকিস কেন? জানিস কি তোর মুখের হাসি, বড্ড আমি ভালোবাসি। অরু, অরু এই অরণী, আমার বউ, লক্ষ্মী ঘরণী।""
Rafa , Feb 20, 2023
"#স্বপ্ন_কেনার_দামে মানুষ স্বপ্নের মতো সুন্দর জীবন কি এমনি এমনি পেয়ে যায়? উত্তরটা অবশ্যই না হবে। একটি সুখী, স্বপ্নের মত জীবন পেতে হলে মানুষকে নানা ত্যাগ, পরিশ্রম করতে হয়। কিন্তু, অন্য মানুষের পক্ষে বেশিরভাগ সময় সেটা অনুধাবন করা সম্ভব হয় না। তারা শুধু সুখী জীবনের ছবিটাকে দর্শন করে কিন্তু এরপেছনের ঘটনা অনুধাবনে ব্যর্থ হয়। ‘স্বপ্ন কেনার দামে’ বইটিও অরণীর স্বপ্নের গল্প। জীবনের নানা প্রতিকূলতার মধ্যেও অরণীর টিকে থাকার গল্প। লেখক রুকসাত জাহানের প্রকাশিত দ্বিতীয় উপন্যাস ‘স্বপ্ন কেনার দামে’। ◾কাহিনী সংক্ষেপ: বাবা-মায়ের লক্ষ্মী মেয়ে অরণী। বাবা, মা, দাদী আর ছোটভাইকে নিয়ে তার ছোট্ট পরিবার। ডেন্টাল কলেজে পড়াকালীন সময়ে তার জীবনে রিদমের আগমন ঘটে। রিদমের আগমন অরণীর জীবনে এক পশলা বৃষ্টির মতো স্বস্তিদায়ক। তাদের প্রেম যেন ভরা কটালে উত্তাল সাগর! শেষ বর্ষে থাকাকালীন অরণীর মা-বাবা তার বিয়ে ঠিক করে। অরণী কি তাহলে মা বাবার বাধ্য হয়ে বিয়ে করে ফেলবে? রিদম-অরণীর সংসার করার স্বপ্নটা কী পূরণ হবে? অরণী কি রিদমকে তার স্বপ্ন কেনার দামে পেয়েছিল? নাকি তার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে? এই সবগুলো প্রশ্নের উত্তর জানতে হলে ‘স্বপ্ন কেনার দামে’ বইটি পড়তে হবে। ◾পাঠ প্রতিক্রিয়া: ‘স্বপ্ন কেনার দামে’ উপন্যাসটি এক সাধারণ মেয়ে অরণীর গল্প। আপাতদৃষ্টিতে সাধারণ মনে হলেও, উপন্যাসটি পড়ার পর চরিত্রটি অসাধারণ হয়ে উঠেছে। অরণীর পরিবার, তার ভালোবাসা ও স্বপ্ন- সবকিছু নিয়ে উপন্যাসটি রচিত হয়েছে। সমকালীন জনরার উপন্যাসটি আমাদের চারপাশের পরিচিত গল্পগুলো বলে যায়। অরণীর মত চরিত্রের দেখা সমাজে পাওয়া যায়। অরনী আর রিদমের প্রেমের মুহূর্তগুলো লেখক খুব সুন্দর করে বর্ণনা করেছেন। অরণীর পরিবার ও রিদমের পরিবারের অবস্থাও লেখক যথাযথভাবে তুলে ধরেছেন। তবে, রিদম চরিত্রটির জন্য একসময় মনে নেতিবাচক ধারণা এসেছে। অবশ্য বাংলার বেশিরভাগ পুরুষের মধ্যেই এই সমস্যাগুলো দৃশ্যমান হয়। ভালো আর লক্ষ্মী মেয়ের পরিবারের অগোচরে প্রেম করার ফলে পরবর্তীতে যে অবস্থার সৃষ্টি হয়, অরণীর পরিবারেও তেমন প্রতিকূল অবস্থার সৃষ্টি হয়েছিল। সব প্রতিকূলতা পেরিয়ে অরণীর স্বপ্ন পূরণ হয়েছিল কিনা, তা পুরো উপন্যাসটি পড়ে জানা যাবে। উপন্যাসটির মাধ্যমে লেখক সমাজের কিছু অসঙ্গতি তুলে ধরেছেন। • অরণীর মা চরিত্রটি যেন বাংলার গৃহিণীদের প্রতিচ্ছবি। অরণীর মায়ের প্রতি তার পিতা আর দাদীর মনোভাব যেন আমাদের আশেপাশের অনেক পরিবারের কথা মনে করিয়ে দেয়। • বাংলাদেশের মানুষ বিডিএস ডিগ্রিটিকে সহজ কোনো কোর্স মনে করে। কিন্তু, এটি যে এমবিবিএস এর মতো একটি ডিগ্রি তা যেন মানুষ মানতেই চায় না। লেখক যথাযথভাবে বইয়ে এই অসঙ্গতিটি তুলে ধরেছেন। • মেডিকেলে পড়লেই অনেক পিতা-মাতা মনে করেন, বিডিএস ডিগ্রি লাভের পর পড়াশোনা শেষ। কিন্তু, পড়ালেখা তো মাত্র শুরু, আরো বহুপথ যে বাকি। রিদমের পরিবারের মধ্যেও এই মনোভাব দেখা যায়। • অনেক পুরুষ নিজের শারীরিক সমস্যাটাকে কোন গুরুত্ব দেয় না। নিজের সঙ্গীর কাছেও তা স্বীকার করতে চায় না। এতে পরবর্তীতে পরিবারে নানা অশান্তির দেখা দেয়। লেখক সমাজের এই ভ্রান্তি ধারণারও বর্ণনা করেছেন। ‘স্বপ্ন কেনার দামে’ উপন্যাসটি এক বসায় পড়ে ফেলবার মতো। অরণীর জীবনের জার্নিটা ভীষণ উপভোগ্য। আমাদের পরিচিত গল্প বলে উপন্যাসটি। সমকালীন ধারার উপন্যাসটি সবমিলিয়ে আমার কাছে চমৎকার লেগেছে। ◾প্রচ্ছদ এবং অন্যান্য: বইয়ের প্রচ্ছদটিতে রিদম আর অরণীর অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে। প্রচ্ছদটি সাধারণের মধ্যে বেশ সুন্দর। এছাড়া, বইয়ে বলতে গেলে কোন বানান ভুল ছিল না। বইয়ের কোয়ালিটি, বাঁধাইও ছিল চমৎকার। ‘স্বপ্ন কেনার দামে’ উপন্যাসটির সাথে দারুণ কিছু সময় কেটেছে। লেখক রুকসাত জাহানের জন্য শুভকামনা। ◾বই পরিচিতি: বই: স্বপ্ন কেনার দামে লেখক: রুকসাত জাহান প্রকাশনী: চলন্তিকা প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২৩ প্রচ্ছদ: আল নোমান ধরন: সমকালীন উপন্যাস মুদ্রিত মূল্য: ৩৫০ টাকা পৃষ্ঠা সংখ্যা: ১২৮"
তারানা তাসনুবা বৃষ্টি , Feb 13, 2023
"#রিভিউ স্বপ্ন কেনার দামে লেখক ভূমিকাতে লিখেছেনঃ “যার কোন চমক জাগানো গুণ নেই, যে খুব সাধারণ জীবন কাটায়। সে কি তবে ব্যর্থ! না তার জীবনটা খুব সহজ!না মোটেও নয়। জীবনে চলার পথে পরীক্ষা সবাইকে দিতে হয়। এখানে প্রত্যেকের প্রশ্নপত্র আলাদা। উত্তর আলাদা।ফলাফল আলাদা।” একদম বাস্তব সত্য একটা কথা। উপন্যাসের অরণীর মতো আমরা নিজ নিজ জীবনে পরীক্ষা দিয়ে চলেছি অবিরাম। কাহিনি সংক্ষেপঃ "অরণী নামের এক তরুণী, মা বাবার লক্ষ্মী মেয়ে, মেডিকেল শিক্ষার্থী , মা বাবার ভরসাস্থল । ভালোবাসে কবিতা। তাই হয়তো তার জীবনে উথাল-পাতাল প্রেমটাও কবিতার মতো কাব্যিক। বাবা, মা, ছোট ভাই আর দাদিকে নিয়ে পরিবার। বাবা পরিবারের কর্তা, আর দশটা বাঙালি পরিবারের বাবাদের মতোই। অরনীর মা কিছুটা অসুস্থ তাই সংসারে হাত লাগায় অরণী। এমন লক্ষ্মী, মিষ্টি একটা মেয়ের মন বাধা পড়ে জেদি, ক্ষ্যাপাটে, একরোখা এক ছেলে রিদমের সাথে। অরণীর ভালোবাসায় খাদ না থাকলেও রিদমের ভালোবাসায় মনের অনুভূতির চেয়ে শরীরের জাগরণ বেশি। কথায় কথায় নাটক করে স্বার্থ হাসিলের চেষ্টা করে রিদম। যদিও অরনী শক্ত হয়ে সামলে নিলেও ভুলটা করেই ফেলে তারা নিজেরা পরিবারের অজান্তে বিয়ে করে৷ তারপর থেকেই শুরু হয় অরণীর অন্যরকম জীবন। যেখানে দুর্ব্যবহার, সাংসারিক দায়িত্বের বোঝা, সেই সাথে নিজের চিকিৎসক হিসেবে ক্যারিয়ার করার যুদ্ধ সামিল হয়৷ স্বপ্ন কেনার দামে উপন্যাসে অরণীর সব ভুল, শুদ্ধ সিদ্ধান্ত, কঠোর পরিশ্রম আর ভাঙা গড়ার গল্প আছে৷ ★ নামকরণ ও প্রচ্ছদ : কথায় আছে, 'নামে কি'বা আসে যায়?' কিন্তু অনেক সময়ই উপন্যাসের চমৎকার একটি নামকরণ বইটি পড়ার আগ্রহ বহুগুণ বাড়িয়ে দিতে পারে। অরণী যে জীবন পেয়েছে তা হাজারো স্বপ্ন ত্যাগের বিনিময়ে। তাই নামকরণ স্বার্থক। উপন্যাসের প্রচ্ছদটিও চমৎকার। ★ চরিত্র কথন : উপন্যাসটির কাহিনী আবর্তিত হয়েছে অরনীকে ঘিরে। অরণীর পরিবার, বন্ধু , রিদম, তার পরিবার, বন্ধু কাহিনির প্রয়োজনে এসেছে। ★ পাঠপ্রতিক্রিয়া: ভালোবাসা কি শুধু মন নাকি শুধু শরীর ?নাকি শরীর মনের মেলবন্ধনের একটা সাম্যাবস্থা? অরণী রিদমের ভালোবাসায় কোনটা মুখ্য ছিলো আর পরবর্তীতে কিভাবে অরণী সাম্যাবস্থা বজিয়ে রেখেছে সেটা পাঠক উপন্যাস পড়ে জানবেন। উপন্যাসকে বলা হয় সমাজের দর্পন। সমাজের বিভিন্ন ঘটনা, বাস্তবতা, অসঙ্গতি সব ধরনের উপন্যাসেই কম-বেশি ফুটে ওঠে। তবে এসবের প্রতিফলন সম্ভবত সবচেয়ে বেশি দেখা যায় সামাজিক উপন্যাসে। এই উপন্যাসটিও সেদিক থেকে ব্যতিক্রম নয়। উপন্যাসটির কাহিনীতে সমাজের বিভিন্ন বাস্তব ঘটনার সন্নিবেশ করেছেন লেখক সিদ্ধহস্তে। নারী পুরুষের সান্নিধ্য থেকে সুত্রপাত হয় অসামাজিক কার্যকলাপের। সেই সাথে যুক্ত হয় মাদক আর রিসোর্টে রুম ডেট। অর্থ-সম্পদ নিয়ে ভাইবোনের মধ্যকার সংঘাত, শ্বশুরবাড়িতে পুত্রবধূকে নির্যাতন, স্বামী কর্তৃক স্ত্রীর নিগৃহীত হওয়ার ঘটনা, গহনা লুকিয়ে স্বামীর বোনের বিয়েতে ব্যবহার ইত্যাদি সবকিছুই চমৎকারভাবে তুলে ধরা হয়েছে কাহিনীর মধ্যে দিয়ে। উপন্যাসটিতে আমাদের সমাজের নেতিবাচক দিকগুলোই যে শুধু তুলে ধরা হয়েছে এমন কিন্তু নয়।নারীর জীবনসংগ্রামে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণাসহ অনেক শিক্ষণীয় বিষয়ও উপন্যাসটিতে তুলে ধরা হয়েছে। দন্ত চিকিৎসকদের কিছু অ্যাকাডেমিক বিষয়ও জানা যাবে উপন্যাসে। বইটি পড়া শুরু করার পর থেকেই এর একটি পরিণতি মনে মনে ভেবে নিয়েছিলাম। গল্পের কাহিনী যত সামনে এগিয়ে গিয়েছে ততই সেই ভাবনা দৃঢ় হচ্ছিল। তবে কাহিনীর সমাপ্তিতে গিয়ে ভাবনার কিছুটা মিল পেয়েছি । লেখকের লেখনশৈলীও চমৎকার। গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত সহজ ও সাবলীল ভাষায় সবকিছু বর্ণনা করেছেন। অপ্রাসঙ্গিক কিছু লিখে বইয়ের কলেবর বড়ো করার চেষ্টা তিনি করেননি। যেকোনো পাঠক গল্পটি পড়া শুরু করলে খুব সহজেই গল্পের কাহিনীর সাথে একাত্ম হতে পারবে। উপন্যাসের একটা জায়গায় মনে হয়েছে লেখিকা কলেবর বৃদ্ধির ভয় পেয়েছেন। আগামীতে লেখিকা নিজেকে উজাড় করে লিখুন সেই প্রত্যাশা রইলো। ★ সম্পাদনা ও বানান : চলন্তিকা প্রকাশনীর যেসব বই আমার সংগ্রহে রয়েছে সেসব বইয়ের মতো এই বইটিও যথেষ্ট কোয়ালিটিসম্পন্ন। বইটির প্রোডাকশন, বাঁধাই, পৃষ্ঠার মান চমৎকার। ★ রেটিং ~ ৪/৫ ★ বই পরিচিতি : বইয়ের নাম ~ স্বপ্ন কেনার দামে লেখক ~ রুকসাত জাহান জনরা ~ সামাজিক উপন্যাস প্রকাশনী ~ চলন্তিকা প্রচ্ছদ ~ আল নোমান প্রথম প্রকাশ ~ ফেব্রুয়ারি, ২০২৩ পৃষ্ঠা সংখ্যা ~ ১২৮ মুদ্রিত মূল্য ~ ৩৫০ টাকা"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"স্বপ্ন কেনার দামে" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: